অর্থনীতি

২০ বছর পর সচল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম

২০ বছর পর সচল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক পর আবারও সচল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি)। দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকা এ সহযোগিতা কাঠামোকে পুনরুজ্জীবিত করার অংশ হিসেবে আগামী ২৬ ও ২৭ অক্টোবর ঢাকায় দুই দিনব্যাপী জেইসি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং যোগাযোগব্যবস্থা শক্তিশালীকরণসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। জেইসির আওতায় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে ইআরডি।

এ লক্ষ্যে ইআরডি ইতোমধ্যে পররাষ্ট্র, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কাছে আলোচ্যসূচি প্রস্তাবের জন্য চিঠি পাঠিয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাটজাত পণ্য, চা, ওষুধ, বস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রী রপ্তানি বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের বাজারে আরও সুবিধা চাওয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। ওই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার থেকে ২০০৭ সালের মধ্যে ১ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা গৃহীত হয়। তবে পরবর্তী সময়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের শীতলতায় সহযোগিতা কাঠামো কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে।

গত বছর বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে জোরদার করতে আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় গত আগস্ট মাসে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং জেইসি পুনরায় চালুর প্রস্তাব দেন।

বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন বৈঠকটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।