শিক্ষা

রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম

রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দীর্ঘ ছুটির অবসান ঘটছে রোববার (৩ আগস্ট)। তবে এদিন কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না। কলেজ খুলবে সীমিত পরিসরে, শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “আমরা এখনো গভীর শোক ও মানসিকভাবে বিপর্যস্ত এক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি। ক্লাস নয়, শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে তুলতেই কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা রোববার কলেজে আসতে পারবে। তবে সেটি বাধ্যতামূলক নয়। “শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা করে মানসিক প্রশান্তির জায়গায় ফিরতে পারবে, এটিই আমাদের মূল উদ্দেশ্য,”— বলেন শাহ বুলবুল।

কলেজ প্রাঙ্গণে থাকছে দোয়া মাহফিল, কাউন্সেলিং এবং মনস্তাত্ত্বিক সহায়তা কার্যক্রম। কলেজের শিক্ষক ছাড়াও বিমানবাহিনীর একটি বিশেষ মেডিকেল টিম ক্যাম্পে শারীরিক ও মানসিক স্বাস্থ্যপরামর্শ দিচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা চাই না কোনো শিক্ষার্থী মানসিক চাপে পড়ে আবার শ্রেণিকক্ষে ঢুকুক। ধাপে ধাপে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। মানবিক দৃষ্টিভঙ্গিতেই আমরা সামনে এগোতে চাই।”

প্রসঙ্গত, গত ২১ জুলাই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। ওই দুর্ঘটনায় স্কুল শাখার শিক্ষক-শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হন। দুর্ঘটনার পর তিন দফায় কলেজ বন্ধ রাখে কর্তৃপক্ষ।