শিক্ষা

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর ও ফরিদপুরে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর ও ফরিদপুরে
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেলার পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সম্পূরক পরীক্ষা ২০২৬ গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার পরীক্ষাকেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়া হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুরের রাজৈর সরকারি রাজৈর গোপালগঞ্জ কলেজিয়েট যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে।

কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।

এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের রাজৈর সরকারি রাজৈর কলেজে পরীক্ষা দিতে হবে। অন্যদিকে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।