সারাদেশ

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ ও জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা নাওডোবা ও আশপাশের এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরের দিকে হঠাৎ অবরোধকারীরা সড়কে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি পুলিশের গাড়ি লক্ষ্য করেও হামলা চালানো হয়।

পুলিশ জানায়, ভোরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত অবরোধের চেষ্টা করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ বাধে। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটলে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন। একই সময়ে বিক্ষুব্ধরা ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউকে নেওয়া হয়নি।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, অবরোধ ও দফায় দফায় সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ রাখা হয়। এতে সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল আবার শুরু হয়। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী ও বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ছাড়া অস্ত্রসহ দুজনকে পদ্মা সেতু দক্ষিণ থানায় গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ তথ্য পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।