সারাদেশ

মাদারীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

মাদারীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ভোররাত ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

অবরোধের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। একপর্যায়ে রাজৈর থানা পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানায়। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানায়।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং মাইকে জরুরি যানবাহন ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান।