সারাদেশ

শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম

শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতু থেকেও দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা বলেন, শনিবার রাত ১০টা ২২ মিনিটের দিকে তার সরকারি বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় অবস্থান করছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে ককটেল দেখতে পান।

তিনি বলেন, বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

এর কিছু সময় পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে সেতুর পূর্ব ও পশ্চিম পাশে পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে তারা নিরাপদ স্থানে সরে যান। রাত হওয়ায় ওই এলাকায় লোকজনের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ কারণে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।