সারাদেশ

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি
ছবি: সংগৃহীত

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার হওয়া দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান রাতের আঁধারে থানা ছেড়েছেন। প্রত্যাহার নির্দেশের চার দিন পর তিনি জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে তার সংযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মধ্যে ওসি নোমানের থানা ছাড়ার বিষয়টি নিয়ে দাগনভূঞায় আলোচনা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার ওসি নোমানকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব হস্তান্তর এবং তার নিজস্ব প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফেরদৌসি বেগম বলেন, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। তার দায়িত্ব পালনকালে দালাল বা মামলা বাণিজ্যে জড়িত কাউকে থানায় প্রশ্রয় দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখা হবে।