শিক্ষা
ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাস হতে হবে
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (গ্র্যাজুয়েট) নির্ধারণের সিদ্ধান্ত জানিয়েছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই ন্যূনতম যোগ্যতা প্রযোজ্য হবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্নাতক ডিগ্রিকে বেসলাইন ধরা হবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, প্রার্থীর দক্ষতা ও যোগ্যতার অন্যান্য বিষয়ও বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো যোগ্য ও দক্ষ ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা।
মন্ত্রী আরও বলেন, আগের বিধানে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট পদে থাকা ব্যক্তিদের—যেমন সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষক—গভর্নিং বডির নেতৃত্বে থাকার কথা বলা হতো। এতে অনেক সময় সুযোগের পরিধি সীমিত হয়ে যেত। তার ভাষায়, অতীতে এ নিয়ে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। সেই ধারা থেকে বের হয়ে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।