শিক্ষা

অর্থাভাবে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছাত্রদল নেতা শাওন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

অর্থাভাবে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছাত্রদল নেতা শাওন
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে মাস্টার্সে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা মো. নাছির উদ্দিন শাওন। তার সহায়তায় শেষ পর্যন্ত উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পেয়েছেন ওই ছাত্রী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শাওনের আর্থিক সহযোগিতায় ওই শিক্ষার্থী মাস্টার্সে ভর্তি সম্পন্ন করেন। জানা গেছে, জীববিজ্ঞান অনুষদের একটি বিভাগের ২০২০-২১ সেশনের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে থাকেন।

পরিবারের আর্থিক সংকটের মধ্যেও স্নাতক শেষ করলেও মাস্টার্সে ভর্তির সময় অর্থের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। এদিকে বিভাগের ভর্তি কার্যক্রমও শেষের দিকে চলে আসায় অনিশ্চয়তা আরও বাড়ে।

বিষয়টি জানতে পেরে শাওন সরাসরি এগিয়ে আসেন এবং ভর্তির প্রয়োজনীয় অর্থ শিক্ষার্থীর হাতে তুলে দেন।

এ বিষয়ে তিনি বলেন, একজন শিক্ষার্থীর পড়াশোনা যেন অর্থাভাবে বন্ধ না হয়, সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী আরও বেশি শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর ইচ্ছার কথাও জানান তিনি।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।