শিক্ষা
টেলিগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর কেরাণীগঞ্জ এলাকা থেকে দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বুধবার (২৯ এপ্রিল) রাতে কামরাঙ্গীরচর থানার হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. সাজেদুল ইসলাম সাইফ (২৪) এবং তাউসিফ রহমান রিসাদ (২৩)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, তারা প্রায় ছয় মাস ধরে টেলিগ্রাম-এ দুটি গ্রুপ চালু করে “এসএসসি-২০২৬” পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াত। এসব গ্রুপে শিক্ষার্থীদের প্রলুব্ধ করে বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করা হতো।
জব্দ করা ডিভাইস বিশ্লেষণ করে তাদের প্রতারণামূলক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে র্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সোনালী সেন বলেন, এ ধরনের অপপ্রচার দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা নষ্ট করে এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ।
তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, গুজবে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে এই চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।