শিক্ষা

প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে পুলিশ আটক করবে: শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে পুলিশ আটক করবে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা এ বিষয়ে বিরূপ মন্তব্য করলে সংশ্লিষ্টদের আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে এ সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে এ বিষয়ে কিছুটা শিথিলতা দেখানো হলেও এবার কোনো ছাড় দেওয়া হবে না। যারা প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়াবে বা নেতিবাচক মন্তব্য করবে, তাদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে মাদরাসা ও কারিগরি শিক্ষাতেও একই বিষয়ের জন্য অভিন্ন প্রশ্নপত্র চালুর পরিকল্পনা রয়েছে, যাতে সব শিক্ষার্থীকে একই মানদণ্ডে আনা যায়।

সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়ে কলেজ অধ্যক্ষদের মতামত শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় একটি মাদরাসার অধ্যক্ষ দাখিল ও আলিম পরীক্ষায় মোট নম্বর কমানোর দাবি জানালে মন্ত্রী তা নাকচ করে দেন।

তিনি বলেন, উচ্চশিক্ষায় বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের একই মানে প্রস্তুত থাকতে হবে। সে কারণে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বর বহাল রাখা প্রয়োজন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ।