শিক্ষা

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়
ছবি: সংগৃহীত

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’- এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সূহি (ইবান) বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কলেজটির নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে দায়ের করা ডায়েরির নম্বর ৯০৫। জিডির তথ্য অনুযায়ী, রুবাইয়া মেহজাবিন সূহি মাইলস্টোন কলেজের ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে তাকে আগেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে। ফলে বর্তমানে ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং কলেজের পরিচয় ব্যবহারের আইনগত অধিকারও নেই।

অভিযোগে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সূহি মাইলস্টোন কলেজের পরিচয় ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র সংশ্লিষ্ট আন্দোলন নিয়ে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। অথচ তিনি ওই কলেজের ছাত্রী না হওয়া সত্ত্বেও এমন পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

এ পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে আইনগত পদক্ষেপের অংশ হিসেবে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানানো হয়।

তুরাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি নথিভুক্ত করে বিষয়টি তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।