বিনোদন
পরিবেশ উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তোপের মুখে স্বাধীন খসরু
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা স্বাধীন খসরু।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই নারী উপদেষ্টাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যা দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

ভিডিওতে ব্যবহৃত ভাষা ও ভঙ্গিকে ‘কুরুচিকর’ ও ‘অশালীন’ হিসেবে অভিহিত করেছেন নেটিজেনরা। শুধু সাধারণ দর্শকই নন, নাট্যাঙ্গনের অনেক বিশিষ্টজনও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, একজন শিল্পীর কাছ থেকে এমন মন্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত এবং এটি শিল্প ও সংস্কৃতির চর্চার পরিপন্থি।
নাট্যজগতের একাধিক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শিল্পীরা সমাজে ইতিবাচক বার্তা দেওয়ার দায়িত্ব পালন করেন। কিন্তু স্বাধীন খসরুর এমন আচরণ সেই দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই ভিডিও ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেটি যেন অন্যের সম্মানহানির মাধ্যম না হয়। বিশেষ করে নারীদের প্রতি অবমাননাকর ও হীন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনার প্রেক্ষিতে অনেকেই স্বাধীন খসরুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা স্বাধীন খসরুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।