বিনোদন

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না : ইভানা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় অভিনেত্রী পারসা ইভানাকে। বিশেষ করে ধারাবাহিকটিতে তাঁর অভিনীত ‘ইভা’ চরিত্রটি দর্শকের মনে এখনো বিশেষ জায়গা দখল করে আছে। পঞ্চম সিজনে তাঁকে দেখা না গেলেও দর্শকের ভালোবাসায় বারবার ফিরে আসছে সেই পুরোনো ‘ইভা’। তবে ধারাবাহিকটির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। তাঁর আক্ষেপ, কাবিলার মুখে হয়তো আর কখনো শোনা হবে না সেই পরিচিত ডাক-‘আঁর ইভা’।

১৪০ পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবারের সিজনে পারসা ইভানার উপস্থিতি না থাকলেও তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে দর্শকের আগ্রহ ও ভালোবাসায় কোনো ভাটা পড়েনি। বরং পর্দায় অনুপস্থিত থেকেও দর্শকের মনে যে জায়গা ধরে রাখা যায়, সেটিই যেন আবারও প্রমাণিত হয়েছে তাঁর ক্ষেত্রে। দর্শকের এমন ভালোবাসা এবং ধারাবাহিকটির সঙ্গে জড়িয়ে থাকা পুরোনো দিনগুলোর স্মৃতি তাঁকে আবেগপ্রবণ করে তুলেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেন পারসা ইভানা। সেখানে তিনি লেখেন, ‘একটা ঘোরের মধ্যে আছি, বুকটা ভারি হয়ে আছে। ২০২১ আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। গত দেড় বছর আমি পর্দায় ছিলাম না, কিন্তু আমার মনটা যেন আটকে ছিল সেই ছাদে, সেই বাসার দরজার সামনে, সেই ২০২১ থেকে ২০২৩-এর সময়টায়।’

নিজের স্মৃতিচারণে অভিনেত্রী আরও লেখেন, ‘পৃথিবীতে হয়তো আরও অনেক কাজ করব, আরও অনেক গল্পের অংশ হব। কিন্তু ওই সময়টায় আর কখনো ফিরে যেতে পারব না। আর কখনো কাবিলার মুখে ‘আঁর ইভা’ হয়তো শুনতে পারব কি না, কে জানে।’

দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন পারসা ইভানা। তিনি লেখেন, ‘আমাকে এভাবে মনে রাখার জন্য ধন্যবাদ। আপনারা আবার প্রমাণ করে দিলেন, কাউকে ভালোবাসতে হলে তার উপস্থিতি সবসময় জরুরি নয়। কখনো কখনো অনুপস্থিতিতেও মানুষ হৃদয়ে থেকে যায়, ঠিক আগের মতোই।’

উল্লেখ্য, ২০১৭ সালে নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ধারাবাহিকটি। সময়ের সঙ্গে সঙ্গে এর চরিত্র, সংলাপ, হাস্যরস এবং আবেগঘন মুহূর্তগুলো দর্শকের দৈনন্দিন বিনোদনের অংশ হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি ধারাবাহিকটি বাংলা নাটকের দর্শকদের মধ্যে তৈরি করেছে আলাদা একটি অবস্থান।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয়তার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে এর শক্তিশালী চরিত্রায়ণ ও অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়। ধারাবাহিকটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থেকেও পারসা ইভানার প্রতি দর্শকের এই ভালোবাসা আবারও মনে করিয়ে দিয়েছে, জনপ্রিয় কোনো চরিত্র শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; কখনো কখনো তা দর্শকের স্মৃতিতে স্থায়ী জায়গা করে নেয়। আর সেই স্মৃতিরই একটি আবেগঘন নাম হয়ে রয়ে গেছে ‘আঁর ইভা’।