আইন আদালত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলে আইনি নোটিশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

সরকারি ব্যয় সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য নির্ধারিত সম্মিলিত ১৫০ টাকার বাজেট বাতিলের দাবি উঠেছে। এ ব্যবস্থা বাতিল করে পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো অথবা কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে খাবার নিয়ে আসার নির্দেশনা জারির দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান। রেজিস্টার্ড ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

সরকারি ব্যয় সংকোচনের উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য সম্মিলিতভাবে ১৫০ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত বাজেটের মধ্যেই দুপুরের খাবার ও বিকালের নাশতার ব্যবস্থা করা হচ্ছে। খাবারের তালিকায় রয়েছে ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিমের তরকারি, ডাল ও দই। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের ফলে খাবার বাবদ সরকারি ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় হচ্ছে।

চলতি বছরের এপ্রিল মাসে সরকারের এ ব্যয় সাশ্রয়ী উদ্যোগের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। এরপর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাবারের বাজেট ও মেন্যু নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এবার নির্ধারিত খাবারের বাজেট ও ব্যবস্থা বাতিলের দাবিতে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

আইনি নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার স্বার্থে দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য নির্ধারিত সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন ব্যবস্থা বাতিল করা প্রয়োজন। একই সঙ্গে তাঁদের জন্য পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর দাবি জানানো হয়েছে। বিকল্প হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে খাবার নিয়ে আসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারির কথাও উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত পছন্দ কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার ও বিকালের নাশতা গ্রহণ করতে চাইলে সে ক্ষেত্রে তিনি সম্পূর্ণ স্বাধীন থাকবেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একই ধরনের বাজেট ও খাবারের ব্যবস্থা বাধ্যতামূলকভাবে নির্ধারণ করা যৌক্তিক নয় বলে নোটিশে যুক্তি তুলে ধরা হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকেরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন; বরং তাঁরা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। তাঁদের নিয়মিত দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা জরুরি। ঢাকার বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকালের নাশতা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও প্রয়োজনীয় ক্যালরিযুক্ত খাবার নিশ্চিত করা কার্যত অসম্ভব বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে আরও আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত রাখা হলে তাঁদের মধ্যে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হতে পারে। এর নেতিবাচক প্রভাব তাঁদের কর্মদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং প্রশাসনিক কার্যক্রমে পড়তে পারে। বিশেষ করে দেশের প্রায় ১৮ কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন পরিস্থিতি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

আইনি নোটিশে উল্লিখিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যবস্থা গ্রহণ না করা হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও সতর্ক করেছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।