সারাবিশ্ব
যৌতুকে থার গাড়ির দাবি, বরপক্ষকে খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা!
যৌতুক হিসেবে দামি মাহিন্দ্রা থার গাড়ি দাবি করেছিল বরপক্ষ। কিন্তু সেই দাবি পূরণ না করে অভিনব প্রতিবাদ জানালেন কনের বাবা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিবর্তে বরপক্ষের হাতে তুলে দিলেন প্লাস্টিকের তৈরি একটি খেলনা থার গাড়ি। একই সঙ্গে বাগদান ও বিয়ে বাতিলের ঘোষণা দেন তিনি। ব্যতিক্রমী এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার ভাবনপুর থানার অন্তর্গত জ্ঞানপুর গ্রামে। গত শনিবার (২৮ নভেম্বর) বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লালখত’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুর গ্রামের শমশেরের ছেলের সঙ্গে পরতাপুর থানার সাউলানা গ্রামের বাব্বরের মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে নগদ এক লাখ রুপি এবং বিভিন্ন উপহারসামগ্রী দিয়েছিল বলে জানা গেছে।
এরই মধ্যে প্রায় এক মাস আগে বাব্বর নিজের একটি জমি বিক্রি করেন। কনের পরিবারের জমি বিক্রির বিষয়টি জানতে পেরে বরপক্ষ যৌতুক হিসেবে একটি দামি মাহিন্দ্রা থার গাড়ি দাবি করে বলে অভিযোগ ওঠে। বরপক্ষের এমন দাবি মেনে নিতে রাজি ছিলেন না কনের বাবা। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার বরপক্ষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনো কিছুতেই তাদের মন গলানো যায়নি। বরং গাড়ির দাবিতে তারা অনড় থাকে বলে অভিযোগ করেন বাব্বর।
শেষ পর্যন্ত বরপক্ষের এমন অযৌক্তিক দাবির জবাব দিতে ভিন্ন পথ বেছে নেন কনের বাবা। শনিবার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লালখত’ অনুষ্ঠানের জন্য বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান তিনি। নির্ধারিত সময় অনুযায়ী বরপক্ষ কনের বাড়িতে উপস্থিত হলে তাদের সকাল থেকে অপেক্ষা করানো হয়। এভাবে সকাল গড়িয়ে রাত প্রায় ১০টা পর্যন্ত অপেক্ষার পর তাদের হাতে তুলে দেওয়া হয় প্লাস্টিকের তৈরি একটি খেলনা থার গাড়ি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৯০ সেকেন্ডের ভিডিওতে বাব্বরকে বরপক্ষের উদ্দেশে বলতে শোনা যায়, ‘এই নিন, হাতে ধরুন। আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব।’
ভিডিওতে বাব্বর আরও জানান, বরপক্ষ সকাল থেকেই গাড়ির অপেক্ষায় ছিল। তাদের দীর্ঘদিনের দাবি এবং অপেক্ষার পর অবশেষে তিনি গাড়ি দিয়েছেন। তবে সেটি কোনো দামি গাড়ি নয়, বরং একটি খেলনা গাড়ি। এর মধ্য দিয়েই বরপক্ষের যৌতুকের দাবির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাগদান ও বিয়ে বাতিলের ঘোষণাও দেন কনের বাবা। তাঁর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যৌতুকের দাবিতে মেয়ের বিয়ে না দেওয়ার দৃঢ় অবস্থান প্রকাশ পায়।
এদিকে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই কনের বাবার এমন সাহসী সিদ্ধান্তের প্রশংসা করছেন। তবে এ বিষয়ে বরপক্ষের কোনো বক্তব্য প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।