সারাদেশ

চাঁদপুরে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

চাঁদপুরে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লাবইরকান্দি এলাকায় দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে কার্যালয়টির একাংশ পুড়ে গেছে। চলতি নভেম্বর মাসে এ নিয়ে মতলব উত্তরে বিএনপির তিনটি দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটল। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে লাবইরকান্দি এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। কার্যালয়টি রাস্তার পাশে হওয়ায় দ্রুত আগুনের বিষয়টি তাদের নজরে আসে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ১১ নভেম্বর রাতে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর গত ১৯ নভেম্বর দিবাগত রাতে ১ নম্বর ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ওই ঘটনায় কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ ও বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে যায়।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির লস্কর বলেন, সারাদেশে যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাতের অন্ধকারে আগুন সন্ত্রাসের মতো কর্মকাণ্ড চালাচ্ছে বলে তারা মনে করেন। তবে বিএনপি কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেয় না। প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে তারা আশা করেন।

তিনি আরও বলেন, চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মুহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে বিএনপি প্রতিবাদ গড়ে তুলবে।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতনের পর দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার সুযোগ হয়নি। বাংলাদেশেও এর পুনরাবৃত্তি হবে না। মতলব একটি শান্তিপ্রিয় এলাকা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টের দোসররা আগুন সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না। মতলব উত্তর উপজেলা বিএনপি আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।