জাতীয়
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হয়।
রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে কোনো শঙ্কা নেই।
ঢাকা শহরে নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নিয়মিত কার্যক্রমের অংশ। এ ধরনের যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজনীয় স্থানে মোতায়েন করা হয়।
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফজরের নামাজের পর সেখানে একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তাদের মধ্যে আন্তঃকলহ, দ্বন্দ্ব কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেলেও এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি।
ওই ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে বলেও শুনেছেন জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।