জাতীয়
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা ও চট্টগ্রামে দুটি আধুনিক নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক সংকট মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা উন্নত করতে দেশের বিভিন্ন হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৯ নভেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের বিষয়ে চলতি সপ্তাহেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে সেন্টার দুটি স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হবে। এ অর্থবছরের মধ্যেই এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।
দেশে চিকিৎসকের সংকটের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট কিছুটা হলেও কমবে এবং সাধারণ মানুষ আরও সহজে চিকিৎসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা আধুনিকায়নের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব রোগের চিকিৎসায় অত্যাধুনিক যন্ত্রপাতি ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজন হয়। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি এসব যন্ত্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নার্সদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণ এবং চলমান অবকাঠামোগত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। একই সঙ্গে অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এতে রাজধানী ও বড় শহরগুলোর ওপর রোগীর চাপ কমার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষও প্রয়োজনীয় স্নায়ুরোগের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এসব ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসা ব্যয় কমানো এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ হবে।
এ ছাড়া হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার, আধুনিকায়ন এবং পুনর্নির্মাণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. মো. নুরুদ্দীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আলোচনা সভায় দেশের নিউরোসায়েন্স চিকিৎসার উন্নয়ন, স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, চিকিৎসক সংকট নিরসন এবং স্বাস্থ্য খাতের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।