সারাদেশ

সুন্দরবনের সী বীচে থামছে না পর্যটকের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

সুন্দরবনের সী বীচে থামছে না পর্যটকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সুন্দরবন মানেই অপার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য আর রোমাঞ্চের হাতছানি। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন দেখতে প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ছুটে আসেন এখানে। সবুজ অরণ্য, রয়েল বেঙ্গল টাইগার, বন্যপ্রাণী, নদী-খাল আর বঙ্গোপসাগরের তীরঘেঁষা মনোমুগ্ধকর সৈকত পর্যটকদের মুগ্ধ করে। তবে এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে রয়েছে নানা বিপদ। বিশেষ করে সুন্দরবনের সমুদ্রসৈকতে প্রবল স্রোত, ঘূর্ণিপাক ও চোরাবালির কারণে পর্যটকদের জন্য ঝুঁকি ক্রমেই বাড়ছে। একের পর এক প্রাণহানির ঘটনায় সুন্দরবনের পর্যটন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকার জামতলা সমুদ্রসৈকত যেন পর্যটকদের কাছে একদিকে সৌন্দর্যের আকর্ষণ, অন্যদিকে ভয়াবহ এক স্মৃতির নাম। ২০০৪ সালের ১৩ মার্চ এই সৈকতে গোসল করতে নেমে ঘূর্ণিস্রোতে পড়ে একসঙ্গে প্রাণ হারান ১১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নিহতদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়জন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুজন শিক্ষার্থী ছিলেন। ভয়াবহ ওই দুর্ঘটনা ‘কটকা ট্র্যাজেডি’ নামে পরিচিত। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সুন্দরবনের সৈকতে থামেনি মৃত্যুর মিছিল।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন বছরে সুন্দরবনের বিভিন্ন সৈকত ও নদীতে দুর্ঘটনায় অন্তত চারজন দেশি-বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ৬ নভেম্বর বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন রিয়াজ আহমেদ (২৭) নামের এক পর্যটক। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী এলাকার আবুল বাশার ঢালীর ছেলে। সাগরের প্রবল স্রোতে তলিয়ে যাওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা আলোরকোল সৈকতসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

এর আগে ২০২৫ সালেও সুন্দরবনের বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন আরও তিন পর্যটক। ওই বছরের ৮ নভেম্বর সুন্দরবনের পশুর ও ঢাংমারী নদীর মোহনায় নৌযানডুবির ঘটনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি রিয়ানা আবজাল (২৮) মারা যান। একই বছরের ২০ সেপ্টেম্বর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় প্রাণ হারান আইরিশ নাগরিক কারমেল নইলিন (৫৭)। এর মাত্র সাত দিন আগে, ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমেরচর সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান মাহিত আকব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর পর্যটক।

শুধু প্রাণহানিই নয়, সুন্দরবনের নদ-নদীতে নৌযানডুবির ঘটনাও পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে একটি নৌযান ডুবে গেলে ১৪ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। অন্যদিকে ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারী এলাকায় নৌযানডুবির ঘটনায় ১৩ জন পর্যটককে উদ্ধার করা হয়। এসব দুর্ঘটনা সুন্দরবনের পর্যটন ব্যবস্থাপনায় নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদার করার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

সুন্দরবনের প্রতিটি সৈকত দেখতে যতটা মনোরম, বাস্তবে সেগুলোর সবগুলো পর্যটকদের জন্য নিরাপদ নয়। বঙ্গোপসাগরসংলগ্ন এসব সৈকতে প্রায়ই তীব্র ঢেউ, পানির নিচে ঘূর্ণিস্রোত এবং চোরাবালির সৃষ্টি হয়। বাইরে থেকে পানির পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও ভেতরে থাকতে পারে ভয়ংকর স্রোতের টান। অনেক পর্যটক এসব ঝুঁকি সম্পর্কে যথেষ্ট অবগত না থাকায় সৈকতে নেমে গোসল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

সুন্দরবনের স্থলভাগে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, কিং কোবরা ও বিভিন্ন প্রজাতির বিষধর সাপসহ অসংখ্য বন্যপ্রাণী। অন্যদিকে নদী-খালে রয়েছে কুমিরের বিচরণ। পাশাপাশি সাগরঘেঁষা সৈকতগুলোতে উত্তাল ঢেউ ও বিপজ্জনক স্রোত পর্যটকদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। প্রকৃতির এই বৈচিত্র্য ও রোমাঞ্চ পর্যটকদের আকৃষ্ট করলেও অসতর্কতা মুহূর্তেই আনন্দভ্রমণকে বিষাদে পরিণত করতে পারে। বন বিভাগের নিষেধাজ্ঞা ও সতর্কতা উপেক্ষা করে অনেক পর্যটক সৈকতে নেমে পড়েন। কেউ কেউ বিপদের বিষয়টি না জেনেই গোসল করতে যান, আবার কেউ অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে গভীর পানিতে চলে যান। এর পরিণতি অনেক সময় হয় ভয়াবহ।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের সৈকতগুলোতে দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এসব সৈকত মূল ভূখণ্ডের চিকিৎসাকেন্দ্র থেকে ৮০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। ফলে কোনো পর্যটক পানিতে ডুবে গেলে বা গুরুতর আহত হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার সুযোগ সীমিত থাকে। দুর্গম যোগাযোগব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসাসেবার অভাব এবং উদ্ধার কার্যক্রমে সময়ক্ষেপণের কারণে দুর্ঘটনায় মৃত্যুঝুঁকি আরও বেড়ে যায়। সুন্দরবন বিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে একের পর এক দুর্ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে বন বিভাগ। খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ জানান, গত কয়েক বছরে সুন্দরবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বন বিভাগ আরও সতর্ক রয়েছে। বিপজ্জনক সৈকতগুলোতে পর্যটকদের না নামার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকদের সতর্ক করতে সব সৈকতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, পর্যটন মৌসুমে সুন্দরবনের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে বন বিভাগের। এর মাধ্যমে দুর্ঘটনার শিকার পর্যটকদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

তবে পর্যটন সংশ্লিষ্টদের মতে, শুধু নিষেধাজ্ঞা বা সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করলেই এই ঝুঁকি পুরোপুরি কমানো সম্ভব নয়। বিপজ্জনক সৈকতগুলোতে নিয়মিত নজরদারি, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ, উদ্ধার সরঞ্জাম ও প্রশিক্ষিত উদ্ধারকারী দল প্রস্তুত রাখা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পর্যটকদের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা নির্দেশনা ও সচেতনতামূলক প্রচারণা জোরদার করতে হবে।

সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আর কোনো পরিবারকে যেন প্রিয়জন হারানোর বেদনা বয়ে বেড়াতে না হয়, সে জন্য পর্যটন নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রকৃতির অপার সৌন্দর্য রক্ষার পাশাপাশি পর্যটকদের জীবন রক্ষায় কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।