রাজনীতি

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অর্থ লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সব অপরাধের বিচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যারা দেশের অর্থসম্পদ লুটপাট করেছে, হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত ছিল এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের আগে এসব অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। পাশাপাশি দেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যার ঘটনায় যাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং যারা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা এখন দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশের জনগণকে উদ্ধারের কথা বলছে। কিন্তু জনগণ জানে, তাদের অতীত কর্মকাণ্ড কী ছিল। জনগণকে উদ্ধারের কথা বলার আগে তাদের নিজেদের কর্মকাণ্ডের জবাব দিতে হবে।

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে যেসব বেআইনি কর্মকাণ্ড, গণহত্যা, ব্যাংক লুটপাট ও গুমের ঘটনা ঘটেছে, সেসবের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান। এরপর জনগণ বিবেচনা করবে, এ দেশে আপনাদের রাজনীতি করার সুযোগ থাকবে কি না। বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান। আদালত যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন হতে দিন। এরপর বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে, আপনাদের রাজনৈতিক সংগঠনকে তারা কোন অবস্থানে দেখতে চায়।

তিনি আরও বলেন, মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আবার বাংলাদেশের জনগণকে উদ্ধারের কথা বলা হচ্ছে। কিন্তু তারা কীভাবে জনগণকে উদ্ধার করবেন, তা এ দেশের মানুষের অজানা নয়। অতীতে তাদের কর্মকাণ্ডের অভিজ্ঞতা থেকেই জনগণ সবকিছু বুঝতে পারছে।

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কলমের শক্তি যেমন অনেক বেশি, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরার শক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছবি অনেক সময় একটি ঘটনার বাস্তব চিত্র তুলে ধরে, যা মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে গণমাধ্যমও ক্রমেই ডিজিটাল হয়ে উঠছে। প্রিন্ট সংবাদপত্র ও ম্যাগাজিনের পাশাপাশি অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মেও সাংবাদিকরা সক্রিয়ভাবে কাজ করছেন। এই পরিবর্তিত বাস্তবতায় ফটোসাংবাদিকরাও নিজেদের কাজের পরিধি বাড়িয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

দেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, তাদের দাবিগুলো লিখিত আকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দিলে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। ফটোসাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফটোসাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেকোনো সমস্যা, সংকট কিংবা আর্থিক অসুবিধায় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক নেতারা।