সারাদেশ

নওগাঁয় অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

নওগাঁয় অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: সংগৃহীত

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় কর্মজীবী মানুষসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া যাত্রীরা বিপাকে পড়েছেন। বাস না পেয়ে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশায় একাধিকবার যানবাহন পরিবর্তন করে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এতে সময়ের পাশাপাশি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

রোববার সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোনো রুটেই বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বাস। অন্যদিকে, স্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরা বিকল্প যানবাহনের খোঁজে ছোটাছুটি করছেন।

সাপাহার উপজেলা থেকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে মামলার শুনানিতে অংশ নিতে সকালে নওগাঁ শহরে আসেন মিজানুর রহমান। তিনি বলেন, সকালে সাপাহার বাসস্ট্যান্ডে গিয়ে কোনো বাস চলাচল করতে দেখেননি। পরে তিন দফায় ব্যাটারিচালিত রিকশা পরিবর্তন করে শহরে আসতে হয়েছে। এতে ১২০ টাকার ভাড়ার পরিবর্তে ২৫০ টাকা দিতে হয়েছে। সময়ও লেগেছে দ্বিগুণ। বাড়ি ফেরার পথেও একই দুর্ভোগ পোহাতে হবে বলে জানান তিনি।

সকালে জরুরি কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নওগাঁ শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এমন ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছিল। সেই দুর্ভোগ কাটতে না কাটতেই আবারও হঠাৎ ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকদের নিজেদের মধ্যে বিরোধ হলেই কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়া হয়। এর খেসারত দিতে হয় সাধারণ যাত্রীদের।

ধর্মঘটের কারণ জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও অটোরিকশাচালকেরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ কারণে বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও জানান, গত সেপ্টেম্বরে যাত্রী তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন দিন বাস ধর্মঘট পালন করা হয়েছিল। পরে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু ওই সিদ্ধান্ত অমান্য করে অটোরিকশা চলাচল করছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগও কাজে আসেনি বলে দাবি করেন এই শ্রমিক নেতা।

অন্যদিকে, বাস শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। তিনি বলেন, বাস মালিক ও শ্রমিকেরা বারবার সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করে নিজেদের অযৌক্তিক দাবি আদায়ের চেষ্টা করেন। তারা সড়কে অটোরিকশাও চলতে দিচ্ছেন না। গত সেপ্টেম্বরে বাস শ্রমিকেরা প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ নাকচ করে শহিদুল ইসলাম বলেন, সেপ্টেম্বরের বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে ওই সময়ের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারা প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন এবং পরবর্তী বৈঠকে সমাধানের কথা ছিল। কিন্তু এরপর আর কোনো বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত অমান্যের প্রশ্নই আসে না বলে দাবি করেন তিনি।