সোশ্যাল মিডিয়া

পিলখানার গেটে দাঁড়িয়ে থাকা ভাইরাল নারীর স্বামী নয়, বাবা ছিলেন বিজিবি সদস্য


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

পিলখানার গেটে দাঁড়িয়ে থাকা ভাইরাল নারীর স্বামী নয়, বাবা ছিলেন বিজিবি সদস্য
ছবি: সংগৃহীত

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের ৩ নম্বর গেটের সামনে এক নারীকে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা গল্প। কেউ দাবি করছেন, ১৭ বছর ধরে স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন তিনি। আবার কেউ বলছেন, বিডিআর বিদ্রোহে স্বামীকে হারিয়ে এখনও অপেক্ষা করছেন ওই নারী।

তবে এসব দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই। দেশপ্লাসের অনুসন্ধানে জানা গেছে, ওই নারীর নাম শাফি তামান্না নূপুর। তার বাড়ি ভোলা জেলার বাংলাবাজার এলাকায়। প্রায় ১০ বছর আগে তার বিয়েবিচ্ছেদ হয়। এরপর তিনি এলাকার স্বজনদের বাড়িতে থাকতেন। গত কোরবানির ঈদের পর পরিবারের কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকায় আসেন। গত তিন থেকে চার মাস ধরে তাকে পিলখানার ৩ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন নূপুর। তাকে একাধিকবার চিকিৎসা করানো হলেও তেমন উন্নতি হয়নি।

পিলখানার ৩ নম্বর গেটের সামনে গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, একটি ট্রলিব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন নূপুর। আপনমনে বিড়বিড় করে কথা বলছেন তিনি। তার সঙ্গে কথা বলতে গেলে কখনও বাংলায়, কখনও ইংরেজিতে অসংলগ্ন উত্তর দেন।

নূপুর বলেন, ‘আমি এখানে চার মাস দাঁড়িয়ে আছি।’

দীর্ঘ ১৭ বছর ধরে দাঁড়িয়ে থাকার দাবি নাকচ করে তিনি বলেন, ‘এটা মিথ্যা। আমি চার মাস এখানে দাঁড়িয়ে আছি। আমি বিয়ে করিনি।’

তবে নূপুরের ভাই, বোন ও মামার সঙ্গে কথা বলে জানা গেছে, কাজী সুজন নামের একজনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। প্রায় ১০ বছর আগে তাদের বিচ্ছেদ হয়।

অসংলগ্ন কথাবার্তার মধ্যে নূপুর নিজেকে রাষ্ট্রপ্রধান ও বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও পরিচয় দেন। তার দাবি, স্পিকার, সাবেক রাষ্ট্রপতি ও র‍্যাবের এক কর্মকর্তাসহ কয়েকজন তাকে ফোন করে রাষ্ট্রপ্রধান ও বিজিবি সদর দপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন। নিজের বয়স ৩০ বছর বলেও জানান তিনি। রাতে ঢাকার রাস্তায় থাকেন নূপুর।

ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিদিন তার কাছে আসছেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা। বিজিবি সদর দপ্তরের গেটের বাইরে দাঁড়িয়ে থাকলেও বাহিনীর সদস্যরা তাকে কিছু বলেন না। তাদের ভাষ্য, নূপুরকে কিছু বললে তিনি উত্তেজিত হয়ে পড়েন। ভিডিও ভাইরাল হওয়ার পর বিজিবি সদর দপ্তরের গেটের সামনে লোকজনের ভিড় বাড়ছে। এতে মাঝে মাঝে ছোটখাটো ঝামেলাও তৈরি হচ্ছে।

যা বলছেন স্থানীয়রা

পিলখানার ৩ নম্বর গেটের আশপাশের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরে নিয়মিত নূপুরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পড়ুয়া দুই নাতিকে আনা-নেওয়া করেন এমন এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তিন থেকে চার মাস ধরে তাকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি। সম্প্রতি সঙ্গে একটি ট্রলিব্যাগও আনছেন।’

কলেজের শিক্ষার্থী মো. রাকিব বলেন, ‘২২ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিন নূপুরকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি। আমাদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেননি তিনি।’

গেটের পাশের উজ্জ্বল জেনারেল স্টোরের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নূপুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে। তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে মনে হয়। পরিবারের লোকজন তাকে নিতে এলেও যেতে চাননি।’

বিজিবির এক সদস্য বলেন, ‘নূপুর একজন অবসরপ্রাপ্ত সুবেদারের মেয়ে। তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গেটের সামনে দাঁড়িয়ে থাকেন। এরপর আশপাশের রাস্তায় থাকেন। প্রায় চার থেকে পাঁচ মাস ধরে তাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছি। আশপাশে আত্মীয়স্বজন আছে বলে শুনেছি। তার সম্পর্কে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে। তিনি শিক্ষিত। বাংলা ও ইংরেজি লিখতে পারেন। তাকে গেটের সামনে থেকে সরাতে গেলে চিৎকার চেঁচামেচি করেন। এ কারণে বিজিবির সদস্যরা তাকে কিছু বলেন না।’

পরিবারের সঙ্গে যোগাযোগ আছে, ফিরতে চান না বাড়িতে

নূপুরের ছোট বোন হালিমা টেলিফোনে বলেন, নূপুর দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। প্রায় ১০ বছর ধরে পরিবারের পক্ষ থেকে তাকে সুস্থ করার চেষ্টা চলছে। বিভিন্ন চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে, চিকিৎসাও করানো হয়েছে। খাবার কিংবা ওষুধ দিতে গেলে নূপুর সন্দেহ করতেন। মনে করতেন, তাকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। বাড়িতে থাকতে বললেও তিনি থাকতে চান না।

হালিমা জানান, পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে নূপুর চতুর্থ। মা মারা যাওয়ার পর তার বাবা শ্যালিকাকে বিয়ে করেন। ওই সংসারে তাদের এক সৎ ভাই রয়েছে। ছোটবেলা থেকেই নূপুর পড়াশোনায় ভালো ছিলেন। ভাইবোনদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে মেধাবী। বাবা তাকে চিকিৎসক বানাতে চেয়েছিলেন। এ জন্য টাকাও জমিয়ে রেখেছিলেন। চাকরিতে থাকার সময় বাবার টাকাপয়সাও নূপুরের কাছে থাকত।

লালমনিরহাটে বিজিবির কোয়ার্টারে থাকার সময় একই ভবনের কাজী সুজনের সঙ্গে নূপুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবার রাজি না থাকলেও এসএসসি পরীক্ষার পর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে নির্যাতন ও নানা সমস্যার মুখে পড়লেও নূপুর পরিবারের কাউকে কিছু জানাতেন না। অন্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল। এর মধ্যে মায়ের মৃত্যু হয়। ধীরে ধীরে নূপুরের আচরণে পরিবর্তন আসতে থাকে। একপর্যায়ে স্বামী তাকে তালাক দেন।

বিয়েবিচ্ছেদের পর ছেলেকে স্বামীর কাছে রেখে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসেন নূপুর। তবে তার আচরণগত পরিবর্তনের কারণে একপর্যায়ে মেয়েকেও বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়। হালিমা বলেন, ‘নূপুর মেয়েকে মারধর করত। এরপর মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়।’

হালিমা জানান, তারা সবাই ভোলায় থাকেন। মাঝেমধ্যে নূপুর পথচারীর ফোন থেকে তাকে বা তার ভাইকে ফোন করেন। কখনও টাকা চান, আবার কখনও অসংলগ্ন কথাবার্তা বলেন। গত কোরবানির ঈদে ভাইবোনদের কাছ থেকে টাকা নিয়ে নূপুরকে চার হাজার টাকা দিয়েছিলেন হালিমা। এরপরই নূপুর ঢাকায় চলে আসেন। তারপর আর বাড়ি ফেরেননি। এর আগেও বাড়ি থেকে চলে গিয়েছিলেন, পরে তাকে ফিরিয়ে আনা হয়েছিল।

হালিমা বলেন, ‘নিজের বাসায় নূপুরকে রাখতে আমার আপত্তি নেই। তবে সে কারও কথা শুনতে চায় না। আমার বাসায় থাকার সময়ও তিন থেকে চার দিন পরপর খাবার খেত। নিজের কাগজপত্র কাউকে ধরতে দিত না, সব সময় নিজের কাছে রাখত। এক কথায়, সে কাউকে বিশ্বাস করে না।’

চিকিৎসার চেষ্টা ব্যর্থ হওয়ার দাবি পরিবারের

নূপুরের ভাই মো. কামরুল বলেন, ‘নূপুরকে বিভিন্ন চিকিৎসক ও কবিরাজ দেখিয়েও সুস্থ করা যায়নি। নিউরোসায়েন্স হাসপাতালে একবার চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেছিলাম। তবে হাসপাতালের গেটে পৌঁছে সেখানে নেওয়ার বিষয়টি বুঝতে পেরে সে রিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। নূপুর সবাইকে সন্দেহ করে। কারও হাতে এক গ্লাস পানিও খায় না, কারও কথা শুনতে চায় না। কোথাও চিকিৎসার পর প্রথম ১৫ দিন ভালো আচরণ করলেও পরে আবার অস্বাভাবিক আচরণ শুরু করে।’

কামরুল জানান, তাদের বাবা বিজিবির সুবেদার ছিলেন। ছোটবেলায় তারা পিলখানায় থাকতেন। বাবা লালমনিরহাট থেকে অবসরে যান এবং ২০২৩ সালে মারা যান। বাবার কর্মস্থলে থাকার সময় লালমনিরহাটে সুবেদার হারুণের ছেলে সুজনের সঙ্গে নূপুরের বিয়ে হয়। বিয়েতে পাঁচ ভরি স্বর্ণ ও দেড় লাখ টাকা দেওয়া হয়েছিল। কামরুলের ভাষ্য, নূপুরের স্বামী কোনো কাজ করতেন না। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়েবিচ্ছেদ হয়।

কামরুল বলেন, ‘একবার নিজের জমি বিক্রি করে দেড় লাখ টাকা নিয়ে ঢাকায় এসেছিল নূপুর। পরে সেই টাকা শেষ করে ফিরে যান। বিয়েবিচ্ছেদের সময় কাবিনের এক লাখ টাকা পেলেও সেটা খরচ করে ফেলে। তার কাছে টাকা থাকার সময় ছেলে মেয়েরা খোঁজ নিত। জমি বিক্রির টাকা নিয়ে ঢাকায় আসার পর তার কাছ থেকে সেই টাকা ছেলে মেয়েরা নিয়ে যায়। এখন নূপুর রাস্তায় থাকলেও তারা আর খোঁজ নেয় না।’

নূপুরের মামা বশির খন্দকার বলেন, ‘নূপুরকে চিকিৎসক বানানোর জন্য তার বাবা ব্যাংকে নূপুরের নামে আড়াই লাখ টাকা জমা রেখেছিলেন। সেই টাকা তার স্বামী সুজন খরচ করে ফেলে। বিয়ের সময়েও নূপুরকে অনেক টাকা ও স্বর্ণ দেওয়া হয়েছিল। সেগুলোও সুজন বিক্রি করেছেন। ভালোবেসে বিয়ে করলেও সুজনের অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকায় তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। স্বামীর সংসারে নির্যাতনসহ নানা সমস্যার মধ্যে ছিল নূপুর। বিয়েবিচ্ছেদ হলে সে বড় ধরনের মানসিক ধাক্কা পায়।’

বশির খন্দকারের ভাষ্য, প্রায় ১০ বছর আগে বিয়েবিচ্ছেদের পর থেকেই নূপুরের বড় ধরনের মানসিক সমস্যার শুরু। একবার ভাইয়ের কাছে জমি বিক্রি করে টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন। পরে কিশোরগঞ্জে গিয়ে ছেলে মেয়েকে সেই টাকা দেন। এখন তার কাছে টাকা নেই, খোঁজ নেওয়ার মতোও কেউ নেই।

নূপুরের ভাই, বোন ও মামা জানান, সুজনের পরিবারের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ নেই। এমনকি পরিবারের কারও ফোন নম্বরও তাদের কাছে নেই। এ কারণে সুজনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি দেশপ্লাস।

বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা

নূপুরের আচরণ ও পারিবারিক অবস্থার বিবরণ শোনার পর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, তার বাইপোলার ডিসঅর্ডার থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। তবে সরাসরি দেখা বা কথা না বলে নিশ্চিতভাবে কিছু বলা উচিত নয়।

তিনি বলেন, বাইপোলার ডিসঅর্ডার এমন একটি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা, যেখানে মানুষের মেজাজ, আবেগ, চিন্তাভাবনা ও আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। কখনও অতিরিক্ত উৎফুল্লতা ও উদ্যম দেখা যায়, আবার কখনও গভীর বিষণ্নতা নেমে আসে।

অধ্যাপক সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, নূপুরের সঠিক চিকিৎসা প্রয়োজন। তবে ওষুধ নিয়মিত না খেলে চিকিৎসায় সুফল পাওয়া কঠিন। এ ক্ষেত্রে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হতে পারে। তার মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে বলে মনে হলেও সরাসরি মূল্যায়ন ছাড়া নির্দিষ্ট রোগ নির্ণয় করা ঠিক হবে না।