রাজনীতি

কোনো লকডাউন নেই, দেশ স্বাভাবিকভাবেই চলছে: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

কোনো লকডাউন নেই, দেশ স্বাভাবিকভাবেই চলছে: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লকডাউনের নামে যেসব কর্মসূচি দেখা যাচ্ছে, সেগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সন্ত্রাসীদের কর্মকাণ্ড। দেশ স্বাভাবিকভাবেই চলছে বলেও মন্তব্য করেছেন তিনি। সন্ত্রাসীদের কোনো কর্মকাণ্ডকে আন্দোলন হিসেবে বিবেচনা করেন না বলে জানান রিজভী।

রোববার (২৯ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, চলমান রাজনীতিতে পরাজিত শক্তি নানা দিক থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হচ্ছে এবং নানা ধরনের সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। সরকার এ পরিস্থিতি মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় গিয়ে নিরীহ মানুষের ওপর অস্ত্র প্রয়োগ করছে। অগ্নিসন্ত্রাসসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা। এসব কর্মকাণ্ড কীভাবে সংঘটিত হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে তৎপর না হলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়তে পারে।

রিজভী আরও বলেন, দেশের জনগণ পাড়া-মহল্লাসহ বিভিন্ন জায়গায় এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তবে বেআইনি অস্ত্র নিয়ে যারা ঘোরাফেরা করছে, মানুষের বাসা, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ক্ষেত্রে বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারাদেশে দলের নেতাকর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ এবং এসব কর্মকাণ্ড মোকাবিলা ও প্রতিরোধে প্রস্তুত রয়েছেন। তবে বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।