জাতীয়
আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো ধরনের অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা, পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা। সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে পুলিশের নিয়মিত টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে হবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পেশাদারত্ব, মেধা, দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করতে হবে। জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা বাড়ানোর মাধ্যমে অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হয়ে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি কোনো তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মামলার তদন্তের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে পুলিশপ্রধান বলেন, থানায় দায়ের করা প্রতিটি মামলার যথাযথ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্তের গুণগত মান বাড়ানোর মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো মামলার তদন্ত যেন অবহেলা বা দায়িত্বহীনতার কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। বিশেষ করে মামলা তদন্তের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। অপমৃত্যু মামলার তদন্ত যথাযথ গুরুত্ব ও পেশাদারত্বের সঙ্গে সম্পন্ন করার ওপরও জোর দেন। পাশাপাশি দীর্ঘদিনের মুলতবি গ্রেপ্তারি পরোয়ানাগুলো সঠিকভাবে নথিভুক্ত করা এবং সেগুলো কার্যকরের হার বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
সভায় অক্টোবর ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ অপরাধমূলক ঘটনা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ সদস্যদের ওপর হামলা ও অপহরণসংক্রান্ত মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং অপরাধীদের সাজা হওয়ার হার নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জননিরাপত্তা রক্ষায় পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।