সারাদেশ

যেসব স্থানে কাল বিদ্যুৎ বন্ধ থাকবে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

যেসব স্থানে কাল বিদ্যুৎ বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং উন্নয়নমূলক কাজের কারণে সিলেটের বেশ কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় গাছপালার ডালপালা কর্তনের কাজও করা হবে। এ কারণে লালাবাজার ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচি ও সংশ্লিষ্ট এলাকাগুলোর নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও সংরক্ষণ কার্যক্রমের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুর। এ ছাড়া লালাবাজার ১১ কেভি ফিডারের আওতাধীন অন্যান্য এলাকা এবং আশপাশের কিছু এলাকাতেও সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ে মেরামত ও উন্নয়নকাজ চলাকালে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইনকে চালু হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও যেকোনো সময় লাইন চালু হতে পারে-এমন সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে অসাবধানতাবশত কেউ দুর্ঘটনার শিকার না হন।

তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত ও উন্নয়নকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।