রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরবেন না, ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

শেখ হাসিনা দেশে ফিরবেন না, ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দেশে ফিরবেন না, তিনি ফেসবুকেই সীমাবদ্ধ থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী কোনো দিনই দেশে ফিরবেন না। আওয়ামী লীগ এখন ফেসবুকেই আছে, অন্য কোথাও নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা দেশের ভেতরে অবস্থানরত দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। তারা বিভিন্ন ধরনের নাশকতা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়াচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পলাতক নেতারা শুধু নিজেদের জন্যই নয়, দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যও ঝুঁকি তৈরি করছেন।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে। জনগণই রাষ্ট্রের সব ক্ষমতার উৎস এবং জনগণের ভোটের মাধ্যমেই সরকার ক্ষমতায় আসে। ভবিষ্যতে আবারও জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে হলে তথ্যের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের তথ্য জানার অধিকার এবং সরকারের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিবেশ নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, সরকার সাংবাদিকতা পেশাকে আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ নিচ্ছে। তবে নিবন্ধন ছাড়াই বিভিন্ন অনলাইন পোর্টাল চালু করার সুযোগ থাকায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করার সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম ও অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খাঁন মোহাম্মদ আবুল হোসেন বক্তব্য দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও তথ্য মেলার আয়োজনের মধ্য দিয়ে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।