সারাদেশ

ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা
ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলে রাহাত মৃধাকে (২৫) অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পারিবারিক ও সামাজিকভাবে তাঁর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এ সংক্রান্ত অ্যাফিডেভিট সম্পন্ন করেন ইদ্রিস মৃধা। রোববার (২৯ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। বিকেলে আইনজীবী মো. রফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন।

রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বরগুনা পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার মেজো ছেলে। অ্যাফিডেভিটে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, তাঁর ছেলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তিনি পারিবারিক ও সামাজিকভাবে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাফিডেভিটের বিবরণ অনুযায়ী, রাহাত মৃধা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা বারবার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দিলেও তিনি তা মেনে নেননি। বরং বাবার নিষেধাজ্ঞার কারণে তাঁর ওপর ক্ষুব্ধ হন রাহাত। ছেলের এমন কর্মকাণ্ড এবং নিজের অবস্থান বিবেচনা করে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন ইদ্রিস মৃধা।

এ বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘রাহাত আমার মেজো ছেলে। আমি রাজনীতি করি না। ছেলেকে বারবার রাজনীতি করতে নিষেধ করেছি। কিন্তু সে আমার কথা শোনেনি। উল্টো আমার ওপর ক্ষিপ্ত হয়েছে। তার কারণে আমাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। সে কারও কোনো কথার তোয়াক্কা করে না, নিজের খেয়ালখুশিমতো চলে। তাই আমার বাকি জীবনের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। অঙ্গীকারনামার মাধ্যমেও বিষয়টি ঘোষণা করেছি। শুধু আমার সঙ্গেই নয়, এখন থেকে আমার পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও তার কোনো সম্পর্ক থাকবে না।’

অন্যদিকে, বাবার এমন সিদ্ধান্তের পরও নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে রাজি নন রাহাত মৃধা। এ বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। ত্যাজ্য করার পরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনো সমস্যা নেই।’

ছেলের রাজনৈতিক সম্পৃক্ততাকে কেন্দ্র করে বাবার এমন কঠোর সিদ্ধান্ত এবং সম্পর্ক ছিন্ন করার ঘোষণায় বরগুনার স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।