সারাদেশ
গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি: পদ্মা সেতু হয়ে খুলনা অঞ্চলের বাস চলাচল বন্ধ
যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিকপক্ষ। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এই রুটে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকল্প পথে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবহন নেতারা জানিয়েছেন, আপাতত গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে সরাসরি ঢাকায় যাতায়াত করা যাবে না। এর পরিবর্তে খুলনা থেকে যশোর হয়ে আরিচা রুট ব্যবহার করে ঢাকায় যাতায়াত করবে দূরপাল্লার বাস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগের রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জসহ আশপাশের এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাস মালিকপক্ষ জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকামুখী ও ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
জাহিদ খান আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে রোববার সকাল থেকে যশোর-আরিচা বিকল্প রুটে খুলনা-ঢাকা পথে বাস চলাচল শুরু হবে। এতে করে নির্ধারিত গন্তব্যে যাত্রীদের যাতায়াত অব্যাহত রাখা সম্ভব হবে বলে আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এর আগেও গত ১৮ নভেম্বর দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময়ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সাময়িকভাবে বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন পরিবহন মালিকরা। একই ধরনের পরিস্থিতির আশঙ্কায় এবারও যাত্রী ও যানবাহনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।