সারাদেশ

ছাত্রদল নেতার বাসায় মাদক সেবন, উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

ছাত্রদল নেতার বাসায় মাদক সেবন, উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনিতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার (৩০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দার (৩৮), উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নাঈম খান (৩৩) এবং ছাত্রদলের কর্মী মো. মোনায়েম (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বেতাগী থানা পুলিশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনের সময় ছাত্রদলের দুই নেতা আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে আটক ওই দুই নেতা বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তারা সাবেক কমিটির নেতা ছিলেন।

বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেন, দুটি রাজনৈতিক দলের চার নেতাকে মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিস্তারিত নাম ও পরিচয় যাচাই করা হচ্ছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ কুদরত ই খুদা গণমাধ্যমকে বলেন, মাদক সেবনের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আটক চারজনের মধ্যে পূর্বের মামলার আসামিও রয়েছেন।