সারাদেশ

সিলেট সীমান্তে বিজিবির অভিযান, ৫০ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

সিলেট সীমান্তে বিজিবির অভিযান, ৫০ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, জিরা, টমেটো ও কম্বলসহ বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।

রোববার (২৯ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান পরিচালনা করে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়া এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দমদমিয়া, বিছানাকান্দি, প্রতাপপুর ও উৎমা সীমান্ত ফাঁড়ির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা গরু, জিরা, টমেটো ও কম্বল জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রসুনও জব্দ করেন বিজিবি সদস্যরা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূর উদ্দিন আহমাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য এবং বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া রসুন জব্দ করেছে। জব্দ করা পণ্যগুলোর মোট আনুমানিক মূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়া বন্ধ করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।