রাজনীতি
আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির
‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, একটি দলকে বিদায় করে আরেকটি দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপকভিত্তিক পরিবর্তন চেয়েছিল। বিশেষ করে যুবসমাজের কাছে জাতি ঋণী। তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা দিয়ে সম্মান জানানো উচিত।
তিনি বলেন, তাদের দলের কোনো নিজস্ব দাবি নেই। সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে অন্যরাও বলেছে, তারাও বলেছে, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে এর পুরোটা বাস্তবায়ন করা হবে।
জুলাই সনদের বিভিন্ন জায়গায় বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত দিয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার জন্য যেসব ধারা প্রয়োজন, সেগুলো তারা রাখতে চায়। আর যেসব ধারা থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো সম্ভব হবে না, সেসব জায়গায় তারা ভিন্নমত দিয়েছে।
বর্তমান বাংলাদেশ ভালো নেই উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কার কারণে দেশ ভালো নেই, তা সবার সামনে পরিষ্কার। বর্তমান সরকারও সাড়ে ১৫ বছর অন্যদের মতো নিপীড়নের শিকার ছিল। কিন্তু ৫ তারিখের পর তারা সবকিছু ভুলে গেছে।
তিনি আরও বলেন, ৬ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের কায়দায় দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে তারা। ব্যাপক চাঁদাবাজি, দখল বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো ও রাজনৈতিক কূটচালের মাধ্যমে জাতিকে কষ্ট দেওয়া হচ্ছে। ৫ তারিখের পর জাতির সঙ্গে তাদের আচরণ ইতিহাসের পাতায় বেদনাদায়ক হয়ে থাকবে।
সংসদ অধিবেশনের শেষ দিন ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা চক্রের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি পরিষ্কারভাবে বলেছেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলছেন, তারাও জাতীয় ঐক্যের পক্ষে। তবে জাতীয় ঐক্যের জায়গা সরকারই নষ্ট করেছে।
শফিকুর রহমান বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না এবং গণভোটের গণরায়ও বাস্তবায়ন করবে না। এই দুটি বিষয় ছাড়া দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে না।