জাতীয়
অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার
অখণ্ড পাকিস্তানের ২৪ বছরের ইতিহাসে সংসদের শীর্ষ পদ স্পিকারের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চার বাঙালি নেতা। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে ১৯৭১ সালে দেশটির বিভক্তি পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ১৫ বছর বাঙালি নেতারা গণপরিষদ ও জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন। পাকিস্তানের সংসদীয় ইতিহাসে এটি এক উল্লেখযোগ্য অধ্যায়।
সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে। ওই প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। সফরের অংশ হিসেবে পাকিস্তানের পার্লামেন্ট ভবনে গিয়ে নিজের দাদা ও অখণ্ড পাকিস্তানের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে একটি ছবি তোলেন তিনি। পরে ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ছবিতে ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির পাশেই দেখা যায় অখণ্ড পাকিস্তানের আরেক সাবেক স্পিকার মৌলভী তমিজউদ্দিন খানের প্রতিকৃতি।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সংসদীয় ইতিহাসে বাঙালি নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবস্থান। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের গণপরিষদ ও জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন মোট পাঁচজন। তাঁদের মধ্যে প্রথমজন ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ। পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি নেতা।
অখণ্ড পাকিস্তানের পাঁচ স্পিকার
১৯৪৭ সালের ১১ আগস্ট পাকিস্তানের প্রথম গণপরিষদের সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যুর আগ পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। তাঁর জন্ম ভারতের গুজরাটে। পাকিস্তানের প্রথম গণপরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর তিনি দেশটির সংসদীয় ইতিহাসের সূচনা পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জিন্নাহর মৃত্যুর পর স্পিকারের দায়িত্বে আসেন তৎকালীন পূর্ব বাংলার রাজবাড়ীর সন্তান মৌলভী তমিজউদ্দিন খান। তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৪৮ সালের ১৪ ডিসেম্বর থেকে ১৯৫৪ সালের ২৪ অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয়বার ১৯৬২ সালের ৬ নভেম্বর থেকে ১৯৬৩ সালের ১৯ আগস্ট পর্যন্ত। সব মিলিয়ে প্রায় ৬ বছর ৭ মাস তিনি স্পিকারের দায়িত্বে ছিলেন।
এরপর ১৯৫৫ সালের ১২ আগস্ট থেকে ১৯৫৮ সালের ৭ অক্টোবর পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন বরিশালের সন্তান আব্দুল ওহাব খান। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দায়িত্বকাল ছিল প্রায় ৩ বছর ২ মাস।
১৯৬৩ সালের ২৯ নভেম্বর স্পিকার নির্বাচিত হন চট্টগ্রামের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এ কে এম ফজলুল কাদের চৌধুরী। তিনি ১৯৬৫ সালের ১২ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর স্পিকার হিসেবে দায়িত্বকাল ছিল প্রায় ১ বছর ৬ মাস। তিনি কনভেনশন মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সর্বশেষ বাঙালি স্পিকার ছিলেন বরিশালের সন্তান আব্দুল জব্বার খান। তিনি ১৯৬৫ সালের ১২ জুন থেকে ১৯৬৯ সালের ২৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। প্রায় ৩ বছর ৯ মাসের দায়িত্বকালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর সামরিক শাসন জারির মাধ্যমে জাতীয় পরিষদ বিলুপ্ত হয়।
চার বাঙালি স্পিকারের পারিবারিক ও রাজনৈতিক পরিচয়
মৌলভী তমিজউদ্দিন খান: রাজবাড়ীর এই কৃতী রাজনীতিবিদ পাকিস্তানের সংসদীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন। কনভেনশন মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দুই মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করেন। তাঁর কোনো পুত্রসন্তান ছিল না। তাঁর মেয়ে উম্মে কুলসুম হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ তাঁর নাতনি জামাই।
আব্দুল ওহাব খান: বরিশালের সন্তান আব্দুল ওহাব খান শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রায় ৩ বছর ২ মাস পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন। তাঁর ছেলে ফখরুল আমিন খান রাজনীতিতে যুক্ত না হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মজীবন গড়ে তোলেন। বিশ্বখ্যাত অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘খান একাডেমি’র প্রতিষ্ঠাতা সালমান খান হলেন ফখরুল আমিন খানের ছেলে এবং আব্দুল ওহাব খানের নাতি।
এ কে এম ফজলুল কাদের চৌধুরী: চট্টগ্রামের এই প্রভাবশালী রাজনীতিবিদ কনভেনশন মুসলিম লীগের হয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হন। ১৯৬২ সালে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৬৩ সালের ২৯ নভেম্বর তিনি স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬৫ সালের ১২ জুন পর্যন্ত এ পদে ছিলেন তিনি। তাঁর চার ছেলের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশের বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আব্দুল জব্বার খান: বরিশালের আরেক কৃতী রাজনীতিবিদ আব্দুল জব্বার খান পাকিস্তানের শেষ বাঙালি স্পিকার হিসেবে পরিচিত। তিনি ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন। তাঁর পরিবারের সদস্যদের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে পরিচিত ব্যক্তিত্ব রয়েছেন। তাঁদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কবি ও সাবেক আমলা আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক এ জেড এম এনায়েতুল্লাহ খান, সাদেক খান ও শহীদুল্লাহ খান বাদল উল্লেখযোগ্য।
পাকিস্তানের সংসদীয় ইতিহাসে দীর্ঘ সময় স্পিকারের পদ শূন্য ছিল
অখণ্ড পাকিস্তানের ২৪ বছরের ইতিহাসে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা, সংসদ বিলুপ্তি ও সামরিক শাসনের কারণে দীর্ঘ সময় স্পিকারের পদ শূন্য ছিল। ১৯৫৪ সালের ২৪ অক্টোবর পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মুহাম্মদ প্রথম গণপরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। এর ফলে ১৯৫৫ সালের ১২ আগস্ট পর্যন্ত দেশটিতে কার্যত কোনো সংসদ বা স্পিকার ছিল না। এই বিরতি ছিল প্রায় ১০ মাস।
পরবর্তী সময়ে ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন এবং জেনারেল আইয়ুব খান সামরিক ক্ষমতা গ্রহণ করেন। এর ফলে জাতীয় পরিষদ বিলুপ্ত হয়। ১৯৬২ সালের ১১ জুন নতুন জাতীয় পরিষদের কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত প্রায় ৩ বছর ৮ মাস স্পিকারের পদ শূন্য ছিল।
এরপর ১৯৬৯ সালের ২৫ মার্চ জেনারেল ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করে জাতীয় পরিষদ বিলুপ্ত করেন। ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং অখণ্ড পাকিস্তানের অবসান পর্যন্ত আর কোনো জাতীয় পরিষদ বা স্পিকার ছিল না। এ সময়ের ব্যবধান ছিল প্রায় ২ বছর ৯ মাস।
সব মিলিয়ে উল্লিখিত তিনটি বিরতিতে প্রায় ৭ বছর ৩ মাস পাকিস্তানের সংসদে স্পিকারের পদ শূন্য ছিল। অর্থাৎ অখণ্ড পাকিস্তানের ২৪ বছরের ইতিহাসে রাজনৈতিক ও সাংবিধানিক নানা পরিবর্তনের মধ্যেও প্রায় ১৫ বছর বাঙালি নেতারা দেশটির সংসদের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।
পাকিস্তানের সংসদীয় ইতিহাসের এই অধ্যায় শুধু চার বাঙালি নেতার রাজনৈতিক অবস্থানই তুলে ধরে না, বরং তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতাদের রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রতিনিধিত্বের বিষয়টিও স্মরণ করিয়ে দেয়।