জাতীয়

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতের বিষয়গুলো পেছনে ফেলে দুই দেশ এখন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও গভীর ও সুদৃঢ় হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।

পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরে পাকিস্তানের পক্ষ থেকে পাওয়া আন্তরিক আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ জানান।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তার প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাঁর কাছ থেকে পাওয়া আন্তরিকতা ও সহযোগিতা সত্যিই অভিভূত করেছে। সফরকালে তিনি পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাঁদের আচরণ ছিল অত্যন্ত অমায়িক ও আন্তরিক। বাংলাদেশি প্রতিনিধি দলকে তাঁরা যেভাবে স্বাগত জানিয়েছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে স্পিকার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলপ্রসূ ও যৌক্তিক আলোচনা হয়েছে। আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতের বিষয়গুলো নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে সামনে রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার আরও আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আগামী দিনগুলোতে নতুন উচ্চতায় পৌঁছাবে। দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ সম্প্রসারণের মধ্য দিয়ে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি।

সফরের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় বলে উল্লেখ করেন। সফরকে সুন্দর ও স্মরণীয় করে তোলার জন্য পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।