জাতীয়
আজহারীর মাহফিলে সাঈদীর স্মৃতিচারণ, আবেগাপ্লুত হয়ে যা বললেন ভূমিমন্ত্রী মিনু
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে বিশিষ্ট ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বিশ্ববরেণ্য মুফাসসির ও সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ সময় তিনি সাঈদীর সঙ্গে নিজের স্মৃতি তুলে ধরার পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
রোববার (২৯ নভেম্বর) ওলামায়ে মাশায়েখ পরিষদের উদ্যোগে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
আল্লামা সাঈদীর স্মৃতিচারণ করতে গিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘আজকের এই দিনে আমার বারবার মনে পড়ে প্রিয় বাংলাদেশের মহান সংসদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের কথা। যিনি তাঁর সুরেলা কণ্ঠ ও দুঃসাহসী বক্তব্যের মধ্য দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘এই মাদরাসা মাঠেই তিনি বাঘের মতো গর্জে উঠে বলেছিলেন-৫০০ বছর বেঁচে থাকার চেয়ে মাত্র কয়েক ঘণ্টা বেঁচে থাকাই অনেক শ্রেষ্ঠ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, প্রতিবাদের শিক্ষা।’
বক্তব্যের একপর্যায়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সহযোদ্ধা এবং রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম আতাউর রহমানের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, স্বৈরাচারী জান্তার নির্মম নির্যাতনে আতাউর রহমান শহীদ হয়েছেন। তাঁর স্মৃতিচারণ করে মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি তাঁর জানাজাতেই প্রথম বলেছিলাম, আমাদের আতাউর রহমান ভাই শহীদ হয়েছেন।’
মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশের গর্ব ও অহংকার হিসেবে অভিহিত করেন ভূমিমন্ত্রী। রাজশাহীবাসীর পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজহারীর মতো একজন বিশিষ্ট ইসলামী বক্তার উপস্থিতি রাজশাহীর মানুষের জন্য আনন্দের বিষয়।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ভূমিমন্ত্রী বলেন, ‘আমাদের গণতন্ত্রের মা, আন্দোলন-সংগ্রামের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী সরকারের নির্মম নির্যাতন সহ্য করে যখন আমাদের ছেড়ে চলে যান, তখন তাঁর বিশাল জানাজায় ড. মিজানুর রহমান আজহারী সাহেব নিজ হাতে তাঁর খাটিয়া বহন করেছিলেন। এটি সমগ্র বাংলাদেশের মুসলমানদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় ছিল।’
বক্তব্যের শেষ পর্যায়ে হযরত শাহ মখদুম (রহ.)-এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমি ও শান্তির নগরী রাজশাহীর উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে রাজশাহীর সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।