পরিবেশ-জলবায়ু
ঢাকাসহ ১৪ জেলায় দমকা ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
ঢাকাসহ দেশের ১৪টি জেলায় রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
এ অবস্থায় বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।