স্বাস্থ্য

দেশে এক দিনে ১৩৪টি পরীক্ষায় করোনা শনাক্ত ১৫ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৪৯ পিএম

দেশে এক দিনে ১৩৪টি পরীক্ষায় করোনা শনাক্ত ১৫ জন
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। প্রতিবেশী ভারতসহ অনেক দেশে শনাক্ত হচ্ছে ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। সেই প্রভাব বাংলাদেশেও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যদিও মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন, এ তথ্য হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার (১২ জুন) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮ জন। ফলে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে।

সর্বমোট আক্রান্তের সংখ্যা এখন ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জন। আর এখন পর্যন্ত করোনা-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জনেই স্থির রয়েছে।

এর আগের দিন, ১১ জুন ১০৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ সংক্রমণের হার বাড়তির দিকে রয়েছে।

স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, করোনা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। বরং এটি নতুন রূপে ফেরার প্রস্তুতি নিচ্ছে। জনসাধারণকে আবারও সচেতন হওয়ার এবং মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং মাত্র ১০ দিন পর, ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২০২১ সালের আগস্টে দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু ঘটে—যা এখনো ভয়াবহতম দিন হিসেবে স্মরণীয়।