স্বাস্থ্য
এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২০৪ জন, অর্ধেকই বরিশালের
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। এক দিনে নতুন করে আরও ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যাননি।
শুক্রবার (৪ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ২০৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগেই ভর্তি হয়েছেন ১০১ জন, যা মোট আক্রান্তের প্রায় অর্ধেক।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৮ জন, ঢাকা উত্তরে ১৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ২২ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১০ জন এবং ময়মনসিংহে ৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে সারাদেশে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৫৪ জন ডেঙ্গু রোগী। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে মোট ১১ হাজার ৬৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের।