স্বাস্থ্য
করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮ জন
দেশে আবারও করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে একজনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের দেহে মিলেছে কোভিড-১৯ এর উপস্থিতি। মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এতে করে দেশে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জনে।
এছাড়া চলতি বছর (২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত) মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৪৯ জনের, যার মধ্যে ৬৫১ জন করোনা পজিটিভ হয়েছেন।
একই সময়ের মধ্যে (১ জানুয়ারি–৮ জুলাই) করোনায় প্রাণ হারিয়েছেন মোট ২৫ জন। আর ২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৪ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৪২ শতাংশ। আর মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ।
বর্তমানে করোনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয় করোনায়।