স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩৭


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩৭
ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে—১০১ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪১ জন, খুলনা ও রাজশাহীতে ২৮ জন করে, ঢাকা উত্তর সিটিতে ২৬ জন, ময়মনসিংহে ৫ জন এবং সিলেট বিভাগে ১ জন।

একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৬ জন ডেঙ্গু রোগী। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১২ হাজার ৫৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ৯৩১ জন। এ সময়ে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ৫৪ জন।

তবে চলতি বছরের চিত্র এখনো আগের বছরের তুলনায় অপেক্ষাকৃত নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের, আর আক্রান্ত হয়েছিলেন ৩,২১,১৭৯ জন। ২০২৪ সালে (৩১ ডিসেম্বর পর্যন্ত) আক্রান্ত হয়েছিলেন ১,০১,২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।