স্বাস্থ্য

ডেঙ্গুর মৃত্যুর মিছিলে আরও একজন, হাসপাতালে ভর্তি ৩৯৪


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

ডেঙ্গুর মৃত্যুর মিছিলে আরও একজন, হাসপাতালে ভর্তি ৩৯৪
প্রতীকী ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।

শনিবার (১৯ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে—সংখ্যা ১৬১ জন। এরপর ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫৮ জন, রাজশাহীতেও ৫৮ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৮৯ জন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২৯ জন নারী মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।