স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৩১ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৪:২৬ পিএম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৩১ জন
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৭৫ জন রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ২৫৬ জন ঢাকা মহানগরের বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ১২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৬৯৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।

বিশেষজ্ঞদের মতে, এখন ডেঙ্গু শুধুমাত্র মৌসুমি রোগ নয়, বরং সারাবছর ধরেই এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, "বৃষ্টি শুরু হলেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোর পাশাপাশি জনসচেতনতাও জরুরি।"

এদিকে, কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরী মনে করেন, "শুধু জরিমানা বা সচেতনতার ওপর নির্ভর করলে চলবে না। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষিত জনবল ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে।"

উল্লেখ্য, গত বছর (২০২৩) দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে রেকর্ড গড়া বছর ছিল। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।