স্বাস্থ্য
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৯৩
দেশজুড়ে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর দাপট। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৯৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে—১০৬ জন। এরপর চট্টগ্রামে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৯ জন এবং উত্তর সিটিতে ২৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া রাজশাহীতে ৪৫ জন, খুলনায় ২৩ জন, ময়মনসিংহে ৫ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, একই সময়ে ৩৭৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৩২৯ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।
এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৭০২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৮১ জনের।
এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও ভয়াবহ—সেই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।