স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৯৫ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ৩৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে সংখ্যাটি ছিল উল্লেখযোগ্য। বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগের বিভিন্ন উপজেলায় ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন এবং দক্ষিণ সিটিতে ৫০ জন রোগী শনাক্ত হয়েছেন।
এ ছাড়া, ময়মনসিংহ বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। চলতি বছরের শুরু থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ২২ হাজার ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০ হাজার ৭৪৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া দুইজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের ও অন্যজন বরিশাল বিভাগের বাসিন্দা।
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে ডেঙ্গু বিস্তার পাচ্ছে। তাই সবার সচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।