স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮ জন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়কালে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৪ জন, ঢাকা মহানগরে ১১৩ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ৫০ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এডিস মশাবাহিত এ রোগে এখন পর্যন্ত মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৩৯ জন নারী।
এছাড়া ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২২ হাজার ৮১২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী।
বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, মশা নিধন কার্যক্রম এবং ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেছেন।