স্বাস্থ্য

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই, আক্রান্ত ২৩ হাজার


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই, আক্রান্ত ২৩ হাজার
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হলো। 

এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৫ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৮ জন, আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৩৫ জন।

শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩০৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ৩০৪ জন। অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭৩৫ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৭০ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৩০ শতাংশ নারী।

২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।