স্বাস্থ্য

ভিজিট দিয়েও শেষ নয় ভোগান্তি: রিপোর্ট দেখাতে নতুন ফি! (ভিডিও)


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম

ভিজিট দিয়েও শেষ নয় ভোগান্তি: রিপোর্ট দেখাতে নতুন ফি! (ভিডিও)
ছবি: সংগৃহীত

চিকিৎসকের ভিজিট ফি দিয়েও রেহাই মিলছে না অতিরিক্ত খরচ থেকে। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট দেখাতে গেলে আবারও দিতে হচ্ছে টাকা। বিষয়টি নিয়ে দেশজুড়ে রোগীদের মধ্যে বাড়ছে অসন্তোষ, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।

সাধারণ রোগীরা বলছেন, একবার ডাক্তার দেখানোর জন্য ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত ভিজিট ফি দিতে হয়। এরপর ডাক্তারের পরামর্শে বিভিন্ন টেস্ট করালে খরচ বেড়ে যায় কয়েক হাজার টাকায়। কিন্তু রিপোর্ট হাতে নিয়ে আবার গেলে বলা হয়, "রিপোর্ট দেখানোর জন্যও আলাদা টাকা লাগবে।" অনেক সময় তা ২০০-৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ফলে গরিব ও মধ্যবিত্ত রোগীদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। ফেসবুকে সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া দেখাছ্ছেন।

কায়সার আলী নামে একজন প্রথম সরব হন। ফেসবুকে লেখেন হোক প্রতিবাদ রিপোর্ট দেখাতে কিসের টাকা,  ইনশাআল্লাহ পরিবর্তন হবে। এই পোস্টের পরেই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল  হয়ে যায়।

dhakaprokash- fb post.jpg
কায়সার আলী নামে একজন প্রথম সরব হন। ছবি: সংগৃহীত

আলাদা ‍ফি নেয়ার বিষয়ে স্বপন নামে একজন প্রতিবাদ জানিয়ে  লিখছেন— আমি আগের দিন ডাক্তার দেখিয়েছি ৭০০ টাকা ভিজিট পরের দিন রিপোর্ট দেখাতে ৪০০ টাকা। টাকা মধ্যেবিত্ত পরিবার কীভাবে চিকিৎসা করবে।

স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করা এক সংগঠনের প্রতিনিধিরা বলছেন, “চিকিৎসকের প্রাথমিক ভিজিটে রোগীর রোগ নির্ণয়, প্রেসক্রিপশন এবং রিপোর্টের ব্যাখ্যাসহ সবকিছু অন্তর্ভুক্ত থাকা উচিত।

তবে কিছু ডাক্তার ও প্রাইভেট চেম্বার কর্তৃপক্ষ বলছে, “রিপোর্ট দেখানোর জন্য আলাদা সময় ও প্রস্তুতি লাগে, তাই আলাদা ফি নেওয়া হয়।” যদিও এই যুক্তি বেশিরভাগ রোগীই মানতে নারাজ।

dhakaprokash- doctors fee 3.jpg
ছবি: সংগৃহীত

রিপোর্ট দেখা চিকিৎসার অংশ বলে মনে করেন নিউরোসার্জন কনসালটেন্ট  ডা. খন্দকার আলী কাওসার। তিনি জানান, রিপোর্ট দেখা মানে শুধু রিপোর্টের উপর হাত বুলানো নয়, চোখ বুলানোও নয়। বরং ইনভেস্টিগেশন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রোগীকে পরিপূর্ণ চিকিৎসা দেয়ার একটা ধাপ মাত্র। যদি কোন ডাক্তার টাকা না নেন, তাহলে সেটা তাঁর ব্যাপার। কিন্তু তিনি যদি ইনভেস্টিগেশন দেখার জন্য টাকা নেন, তাহলে ওটাকে কোনমতেই দোষ দেয়া যায় না।

dhakaprokash- doctors fee 2.jpg
ছবি: সংগৃহীত

সরকারি পর্যায়েও এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায়, প্রাইভেট চেম্বারগুলো নিজেদের মতো নিয়ম চালু করছে। ফলে অসহায় রোগীরা পড়ছেন ভোগান্তিতে।

সচেতন মহলের দাবি, স্বাস্থ্য খাতকে ব্যবসামুখী নয়, মানবিক ও রোগীবান্ধব করে গড়ে তোলার জন্য এখনই প্রয়োজন কঠোর নীতিমালা ও নজরদারি। নয়তো ‘চিকিৎসা’ শব্দটি হয়ে উঠবে শুধুই এক শ্রেণির আর্থিক লাভের হাতিয়ার।