স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। মৃতদের মধ্যে তিনজন ঢাকায় এবং দুজন রাজশাহী বিভাগে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৭৮২ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা প্রায় ৫৯ শতাংশ এবং নারীরা ৪১ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকাসহ বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায়। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

তবে আশার বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৫ জন রোগী। এ নিয়ে বছরজুড়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মোট ২৬ হাজার ৩৭৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার এবং সঠিক নিয়ন্ত্রণ না থাকায় ডেঙ্গুর সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে। তারা নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে মশা নিধন কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ৫৭৫ জন মৃত্যু এবং ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত।