স্বাস্থ্য

বিশ্বের প্রথম এইডসের টিকা তৈরি করছে রাশিয়া


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম

বিশ্বের প্রথম এইডসের টিকা তৈরি করছে রাশিয়া
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম (এইডস) প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা তৈরির উদ্যোগ নিয়েছে রাশিয়া।

প্রকল্পটি সফল হলে মানবসভ্যতা প্রথমবারের মতো এইডস প্রতিরোধে একটি কার্যকর ভ্যাকসিন পেতে যাচ্ছে।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি-এর খবরে জানানো হয়েছে, সরকারি গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যেই টিকা তৈরির কাজ শুরু করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দুই বছরের মধ্যেই বাজারে এই ভ্যাকসিন আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

গামালিয়া সেন্টারের মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানান, সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এই ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। এর মূল উপাদান হবে একটি বিশেষ ধরনের প্রতিষেধক তরল বা অ্যান্টিজেন, যা মানবদেহে শক্তিশালী ও বিস্তৃত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। তিনি বলেন, “বর্তমানে আমরা প্রতিষেধক তরল তৈরির কাজ শুরু করেছি। আশা করছি দু’বছরেরও কম সময়ে বাজারে এটি নিয়ে আসতে পারব।”

এইডস একই সঙ্গে একটি রোগ ও রোগের উপসর্গের সমষ্টি। হিউম্যান ইমিউনো ভাইরাস (এইচআইভি) এইডসের জন্য দায়ী। দেহে প্রবেশ করলে এই ভাইরাস মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তি সহজেই অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকিতে পড়েন।

১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগী শনাক্ত হয় এবং একই বছর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সিডিসি (CDC) এইচআইভি ভাইরাসকে এর জন্য দায়ী হিসেবে ঘোষণা করে।