স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৬৪ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৬৪ জন
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৮ জন, এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে- চট্টগ্রামে ৭৬ জন, বরিশালে ৪৯ জন, খুলনায় ৩৮ জন, ময়মনসিংহে ২০ জন এবং ঢাকার বিভাগীয় এলাকায় ৫০ জন রোগী শনাক্ত হয়েছেন।

গত এক দিনে ৩৫৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৩২ হাজার ১৫৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৩২ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৩১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন। আগস্টে এখন পর্যন্ত মারা গেছেন ৩২ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৬৫২ জন।

বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।